দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাউথ বাংলা এগ্রিাকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম বাড়ান তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহ শেষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৬০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৩৯.৭৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ২৮.২১ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ২৭.৮৭ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২৪.০১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২৩.৭০ শতাংশ, আইপিডিসির ২০.৯৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৮.৬৯ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ১৮.৬৫ শতাংশ, আজিজ পাইপসের ১৭.৭৩ শতাংশ এবং মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ১৬ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।