ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। দিনশেষে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৩ কোম্পানির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত আছে ৬৭টির।
এদিন ডিএসইতে মোট ৪২৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৯.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৮৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬১.৬৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৮২ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৮৯ পয়েন্ট কমে ৯৪২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪১.৪১ পয়েন্ট কমে ১১ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৩টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
দিন শেষে সিএসইতে ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।