পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সোমবার (২১ জুলাই) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে ওই কারখানা পরিদর্শনে যায়।
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই, এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সোমবার নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। পরিদর্শনকালে কারখানা বন্ধ দেখতে পায় ডিএসইর প্রতিনিধিদল।