আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর ছুটি থাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলাম ও তার স্ত্রীর হিসাবের লেনদেনের তথ্য যাচাই করছে সংস্থাটি। যাচাই প্রক্রিয়ায় প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে সেগুলো বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে সংস্থাটি। বিএফআইইউ সূত্র এ তথ্য জানা গেছে।
বিএফআইইউর একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে সংস্থাটির প্রধান ও তার স্ত্রীর হিসাবে গত মে মাসের বেশ কিছু লেনদেনের তথ্য যাচাই করা হয়েছে। এগুলো বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন পর্যায়ে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনার অপেক্ষা রয়েছে বিএফআইইউ। আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। এর মধ্যে এনা পরিবহনের জব্দ করা হিসাব থেকে টাকা উত্তোলনের সুযোগ করে দেওয়া অন্যতম। এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশনা পেলে বিএফআইইউ প্রধান ও তার পরিবারের সদস্যদের সব হিসাবের লেনদেনের তথ্য নেওয়া হবে।
গত ১৮ আগস্ট বিএফআইইউ প্রধান শাহীনুলের ইসলামের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এসব ভিডিও ভুয়া দাবি করেন। পরবর্তীতে তাকে ছুটিতে পাঠিয়ে এসব বিষয় তদন্তে ২০ আগস্ট সরকার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যেই খোদ বিএফআইইউ শাহীনুল ইসলাম ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য যাচাই করেছে।