দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার (২৫ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৬৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৮০.৭০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৯৯ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি ফাইন্যান্সের ১৯.৪২ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৮.৭৫ শতাংশ, সমতা লেদারের ১৭.৯৪ শতাংশ, আরামিটের ১৭.২৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১৫.৪৯ শতাংশ, একমি পেস্টিসাইডের ১৩.১৯ শতাংশ, ফার কেমিক্যালের ১৩.০৪ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১০.৬৮ শতাংশ ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১০.৩৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।