অর্থনীতি

পুঁজিবাজার: সূচকের উত্থানে সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষ দিকে তা পতনে রূপ নেয়। তবে রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৩ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ৮.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৮টি কোম্পানির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

এ দিন ডিএসইতে মোট ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১০.৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭৯ পয়েন্টে, শরিয়াসূচক ৪.৪১ পয়েন্ট বেড়ে ৮৮৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭৪.০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ১৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯০টি কোম্পানির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

এ দিন সিএসইতে ৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।