অর্থনীতি

শেয়ার কিনলেন স্কয়ার ফার্মার এমডি ও পরিচালক

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং একজন পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কিনেছেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী কোম্পানিটির ২০ লাখ শেয়ার এবং পরিচালক রত্না পাত্র ১০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজার দরে শেয়ার কিনেছেন। 

এর আগে গত ৫ জানুয়ারি তপন চৌধুরী এবং গত ১৫ জানুয়ারি রত্না পাত্র শেয়ার কেনার ঘোষণা দেন। 

প্রসঙ্গত, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৩.৫৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৪৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৪.৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.৩২ শতাংশ শেয়ার রয়েছে।