অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ছাড়িয়েছে

দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ আজ সোমবার দিন শেষে বেড়ে ৩৪.০৬বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দিন শেষে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৪৭ বিলিয়ন ডলার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মাসের শুরুতে ২ ফেব্রুয়ারি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৮.৭৪ বিলিয়ন ডলার। ওই দিন গ্রোস রিজার্ভ ছিল ৩৩.২৪ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল। বিশেষ করে ডলারের দাম ১২২-১২৩ টাকায় স্থিতিশীল রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। বিপরীত দিকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। ফলে মাঝেমধ্যে বাজার থেকে ডলার ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক। যার ফলে রিজার্ভ বাড়ছে। 

এদিকে, সোমবার বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ২০৯ মিলিয়ন ডলার কিনেছে। দেশের ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে মাল্টিপল অকশন পদ্ধতিতে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। নিলামের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা পর্যন্ত। এই মূল্যেই ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে ফেব্রুয়ারি মাসে ৭৯৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,  বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কেনার ফলে বাজারে তারল্য বাড়ছে, আর রিজার্ভে যোগ হচ্ছে নিলামে কেনা ডলার।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪৮ বিলিয়ন ডলারে। করোনা পরবর্তী সময়ে সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে। ফলে ধীরে ধীরে কমতে থাকে রিজার্ভ। যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আর দীর্ঘদিন পর আজ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।