অর্থনীতি

নির্বাচনি আমেজে পুঁজিবাজার চাঙ্গা

দীর্ঘ প্রতীক্ষা, রাজনৈতিক মেরুকরণসহ নানা অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের পুঁজিবাজারে চাঙাভাব লক্ষ্য করা গেছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এর ফলে নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ছে। জাতীয় নির্বাচন ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা— এই দুই প্রেক্ষাপটকে সামনে রেখে দেশের পুঁজিবাজারে নতুন করে গতি ফিরতে শুরু করেছে।

এরই ধরাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময় পর দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন সরকার গঠনের পর বাজার পরিস্থিতি আরো স্থিতিশীল হবে— এমন আশায় বিনিয়োগকারীরা আবারও পুঁজিবাজারমুখী হচ্ছেন। সূচক বাড়লেও বড় ধরনের দরপতনের আশঙ্কা নেই বলে মনে করছেন তারা। ফলে এই সময়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে প্রত্যাশিত মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৭.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১৯.৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৮৮টি কোম্পানির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

এ দিন ডিএসইতে মোট ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৭২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৪১.৫৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৪ পয়েন্টে, শরিয়াসূচক ১৬.৩৭ পয়েন্ট বেড়ে ৯১৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৩২.৭৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৬টি কোম্পানির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত আছে ১৩টির।

এ দিন সিএসইতে ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।