পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের কারখানার উৎপাদন বন্ধের সময় আরো ছয় মাস বাড়িয়েছে। তহবিল সংকট ও ইউটিলিটি বিল পরিশোধে ব্যর্থতার কারণে গ্যাস লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ (লে-অফ) থাকবে। গ্যাস লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে কারখানার উৎপাদন ছয় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৬ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে মিলস কর্তৃপক্ষ এটাও জানিয়েছে, তারা সংশ্লিষ্ট ব্যাংক ও অন্যান্য উৎস থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের চেষ্টা করছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ সংগ্রহ করতে পারলে ইউটিলিটি বিল পরিশোধ করে গ্যাস-বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, ব্যাংক ঋণ পুনঃতফসিল এবং লে-অফ সময় শেষ হওয়ার আগেই উৎপাদন পুনরায় চালু করা হতে পারে। অন্যথায় নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৩ আগস্ট ২০২৬ থেকে কারখানা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।
এর আগেও বেশ কয়েক দফা অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস কর্তৃপক্ষ গ্যাস লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করে।