অর্থনীতি

পুঁজিবাজারে বড় উত্থানের পরের দিনই পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন  পুঁজিবাজারে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একই সঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

দীর্ঘ প্রতীক্ষা, রাজনৈতিক মেরুকরণসহ নানান অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের প্রেক্ষাপটকে সামনে রেখে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগমুখী হচ্ছেন। ফলে পুঁজিবাজারে নতুন করে গতি ফিরতে শুরু করেছে। তবে সোমবার বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেশি থাকায় সূচকের পতন হয়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। সোমবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে বেলা ১০টা ২০ মিনিটের পর থেকে সূচক পতনমুখী হতে শুরু করে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল। 

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ৮.৬২ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৩টি কোম্পানির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।

এ দিন ডিএসইতে মোট ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫৪০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭.৫৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫২৬ পয়েন্টে, শরিয়াসূচক ৫.৫৮ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫০.৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ২২টির।

এ দিন সিএসইতে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।