বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ১২৩ মিলিয়ন ডলার কিনেছে। দেশের ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়েছে। এ নিয়ে ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ পর্যন্ত ১ হাজার ৪৪৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (২২ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংক ২০২৫-২০২৬ অর্থবছরের শুরু থেকে আজ পর্যন্ত মোট ৫ হাজার ৩৮১.৫০ মিলিয়ন ডলার কিনেছে। এর মধ্যে শুধু ফেব্রুয়ারি মাসে ২২ তারিখ পর্যন্ত কিনেছে ১ হাজার ৪৪৮ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো থেকে মাল্টিপল অকশন পদ্ধতিতে সর্বশেষ দফায় ১২৩ মিলিয়ন ডলার কেনা হয়েছে। নিলামের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা পর্যন্ত। এ দামেই ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কেনার ফলে বাজারে তারল্য কমেছে, রিজার্ভে যোগ হচ্ছে নিলামে কেনা ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা এসেছে। দেশের ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে, চাহিদা কমেছে। এ কারণে ডলারের দাম কমার আশঙ্কা আছে। ডলারের দাম কমে গেলে রপ্তানিকারকরা একদিকে সমস্যায় পড়বেন, অপরদিকে রেমিট্যান্স আয় বৈধ পথে আসা কমে যাবে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নেয়, যা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত। তাতে ডলারের বাজার স্থিতিশীল থাকবে ও চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। নিয়মিত বাজার থেকে ডলার কেনায় তা রিজার্ভে যোগ হচ্ছে।
গত বছর ১৫ মে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার পর ডলারের বিনিময় মূল্য নির্ধারণে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন থেকে ব্যাংক ও গ্রাহক নিজেরাই ডলারের দর নির্ধারণ করছে।