অর্থনীতি

নরসিংদী পাওয়ার প্লান্টের সম্পদ বিক্রিতে ডরিন পাওয়ারের চুক্তি

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ ১০ কোটি ২০ লাখ টাকায় বিক্রি করার জন্য চুক্তি করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নরসিংদীর ২২ মেগাওয়াট ওই পাওয়ার প্লান্টটির সঙ্গে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) ১৫ বছরের মেয়াদ শেষ হয়েছে। কোম্পানিটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছে বিআরইবি। এই পরিস্থিতিতে ওই পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

এর ধারাবাহিকতায় কেপিআই ট্রেডিং কোম্পানির সঙ্গে ডরিন পাওয়ারের ওই পাওয়ার প্লান্টের সম্পদ বিক্রির চুক্তি করা হয়েছে। ১০ কোটি ২০ লাখ টাকায় ডরিন পাওয়ারের ওই প্লান্টের জেনারেটর, ট্রান্সফরমার, রেডিওটরস, ইঞ্জিন হল, ভবন, ইলেকট্রিক কেবলস, সুইচগিয়ার, প্যানেল, ব্যাটারি, ইক্যুপমেন্ট এবং এক্সেসরিজ বিক্রি করা হবে।

এর আগে গত বছরের ৯ ডিসেম্বর ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৮১ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ১১ লাখ ১৮ হাজার ৯০১টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৬.৬১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮.৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৪.৭৯ শতাংশ শেয়ার রয়েছে।