অর্থনীতি

ডিএসইতে মূলধন বেড়েছে ৮ হাজার ৩২৬ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৮ হাজার ৩২৬ কোটি ৮১ লাখ টাকা।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩.৪১ শতাংশ বেড়ে ২ হাজার ১৬৯ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১.৯৩ শতাংশ বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি ৮১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৩২৬ কোটি ৮১ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৫০ কোটি ২১ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৬২৫ কোটি ৯১ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৪টির, দর কমেছে ৮৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির। তবে লেনদেন হয়নি ২৪টির।