সপ্তাহের প্রথম কার্যদিবস রবিববার (১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অস্বাভাবিক বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন লেনদেন শুরুর ১ মিনিটের মধ্যে ডিএসইএক্স সূচক ২২৩.৪৯ পয়েন্ট পতন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের মধ্যে লেনদেন শুরু হলেও তা স্বাভাবিক মাত্রায় রয়েছে। পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, অন্যান্য সাধারণ দিনের মতোই রবিবার সকাল ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচক ২২৩.৪৯ পয়েন্ট করে অবস্থান করে ৫ হাজার ৩৭৬.৭৭ পয়েন্টে। লেনদেন শুরুর ২ মিনিটের মধ্যে সূচক পতনের প্রবণতা সামাণ্য কমে আসে। সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইএক্স সূচক ১৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪৬৪ পয়েন্টে।
এ সময় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, দর কমেছে ৩৫১টির। দর অপরিবর্তিত রয়েছে ১০টির। এ সময় টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২৮ কোটি ৭০ লাখ টাকা।
অপরদিকে, সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১১.৫৫ পয়েন্ট কমে ৯ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৭.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুটির, দর কমেছে ১৪টির। দর অপরিবর্তিত রয়েছে দুটির। এ সময়ে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৮ লাখ টাকা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুঁজিবাজারে সূচক পতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল।