অর্থনীতি

ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ৩০২ কোটি ডলার

প্রবাসী বাংলাদেশিরা সদস্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে বৈধ পথে ৩০২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬ হাজার ৮৫৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে), যা গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৯ শতাংশ বেশি। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার।

তবে, এ অর্থবছরে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসার পরিমাণ কিছুটা কমেছে। জানুয়ারিতে এসেছিল ৩১৮ কোটি ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। 

গত ২০২৪-২০২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। ওই অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২০২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।