দেশ-বিদেশে স্বর্ণের বাজার বেশ কিছু দিন অস্থিরতার মধ্যেই রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে আবারো দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুই দফা বাড়ানোর পর আজ সোমবার (২ মার্চ) সকালেই স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৭৪ হাজার টাকা অতিক্রম করেছে। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।
বাজুস জানায়, নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫০ ডলারের বেশি।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ১৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।