অর্থনীতি

লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’- এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩ মার্চ) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০১তম কমিশন সভায় কোম্পানিটির বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০১তম কমিশন সভা মঙ্গলবার কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিশন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’- এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ  অনুমোদন করেছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ ২.৫ কোটি টাকা দেবে এবং বাকি ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। 

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ‘লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি)’ এবং ‘কমার্সিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।’