অর্থনীতি

লাফার্জহোলসিমের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম (বাংলাদেশ) পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ চুড়ান্ত লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সর্বশেষ ঘোষিত চূড়ান্ত লভ্যাংশের প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২.২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

এর আগে গত বছরের ২১ অক্টোবর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৮ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল, যা এরইমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে।

সে হিসাবে কোম্পানি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলো।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৪০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.২৯ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৪১ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।