অর্থনীতি

স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটায় ভরসা ফুটপাত

কয়েক দিন পর ঈদুল ফিতর। ঈদ উৎসবকে সামনে রেখে রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে জমজমাট কেনাকাটা চলছে। এদিকে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ঈদবাজারের প্রধান ঠিকানা হয়ে উঠেছে ফুটপাত।

অল্প আয়ের পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন মোড় ও সড়কের ফুটপাত এখন ক্রেতাদের ভিড়ে মুখর।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর নিউমার্কেটে গিয়ে দেখা যায়, সেখানে পা ফেলার মতো জায়গা নেই। নিউমার্কেটের ফুটপাতে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। কেউ ছোট সন্তানকে নিয়ে, আবার কেউ মা ও বোনকে নিয়ে এসেছেন পছন্দের ঈদের পোশাক সংগ্রহ করতে।

নিউমার্কেটে ফুটপাতে পরিবারের জন্য ঈদের পোশাক দেখছিলেন নির্মাণ শ্রমিক মো. রফিকুল ইসলাম। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “নিউমার্কেটের ফুটপাতই আমাদের ভরসা। এখানে ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে স্ত্রীর জন্য শাড়ি আর বাচ্চার জামা কাপড় দরদাম করলে কেনা সম্ভব। ভিড় একটু বেশি হলেও পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য এইটুকু কষ্ট মেনে নিতেই হয়।”

ঢাকা কলেজের শিক্ষার্থী নাফিজুল ইসলাম। নিউমার্কেটে ঈদের পোশাক সংগ্রহ করতে আসছেন। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য নিউমার্কেট ভরসা। মানে সাধ্যের মধ্যেই সেরাটা নেওয়ার চেষ্টা করি দরদাম করে। এছাড়া অনলাইনে বা ব্র্যান্ডের শোরুমে যেসব ড্রেস ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে, একটু ধৈর্য ধরে খুঁজলে প্রায় একই রকম ডিজাইন এখানে ২ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়।”

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে নিউমার্কেট ঈদের পোশাক কিনতে আসেন বেসরকারি চাকরিজীবী রাজিব আহসান। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “শপিং মলে একটা শার্টের যে দাম, সেই টাকা দিয়ে আমি এখান থেকে দুইটা শার্ট আর একটা প্যান্ট কিনতে পারি। জিনিস যে খারাপ তা কিন্তু না, একটু দেখে কিনলে অনেক দিন পরা যায়।”

নিউমার্কেটের ফুটপাতে ২০ বছর ধরে ব্যবসা করেন মো. লোকমান হোসেন। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “গত কয়েক বছরের তুলনায় এবার ফুটপাতে মানুষের ভিড় অনেক বেশি। বড় বড় দোকানে দাম বেড়ে যাওয়ায় অনেক অভিজাত কাস্টমারও এখন আমাদের এখানে আসছেন। তবে সমস্যা হলো, মানুষ দরাদরি করে খুব বেশি। আমরা যে খুব বেশি লাভ করি তা না, মাল বেশি বিক্রি হলেই আমাদের দিন ভালো যায়। সারাদিন দাঁড়িয়ে থেকে শরীর ব্যথা হয়ে যায়, কিন্তু যখন দেখি একজন সাধারণ মানুষ কম দামে তার বাচ্চার জন্য জামা কিনে খুশি মনে ফিরছে, তখন নিজেরও ভালো লাগে। আমাদের এখানে বেশিরভাগ মানুষই তাদের পছন্দের পোশাক খুঁজে পায়।”

নিউমার্কেটের ফুটপাতের আরেক বিক্রেতা সাদ্দাম হোসেন রাইজিংবিডি ডটকমক বলেন, “ফুটপাত মানেই খারাপ এই ধারণা এখন পাল্টে গেছে। এখন এখানে একদম লেটেস্ট কালেকশনের পোশাক পাওয়া যায়। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের সামলাতে দম ফেলার সময় পাই না। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ব্যবসা করি। আমাদের এখানে মধ্যবিত্তরাই বেশি আসে। তারা ভালো জিনিস চায় কিন্তু বাজেট কম। তাদের সাথে তাল মিলিয়েই আমাদের ব্যবসা করতে হয়। এবার আশা করছি ঈদের আগের রাত পর্যন্ত ভালো বিক্রি হবে।”

ঈদের বাজারকে নিরাপদ ও নির্বিঘ্নে করার জন্য নিউমার্কেট অস্থায়ী তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে নিউমার্কেট থানা।