প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
রবিবার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মত, শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত বৃহস্পতিবার (১২ মার্চ) কোম্পানিটিকে চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম বাড়ছে।
ড্যাফোডিল কম্পিউটার্সের গত ১৬ ফেব্রুয়ারি শেয়ারের দাম ছিল ৫১.৮০ টাকায়। আর গত ১২ মার্চ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৫.২০ টাকা বা ২৯.৩৪ শতাংশ। এভাবে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।
ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৯ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। সে হিসেবে মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ১২ হাজার ২৬২টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১.৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৪.৬২, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৩.৯২ শতাংশ শেয়ার রয়েছে।