অর্থনীতি

উৎপাদন সক্ষমতা বাড়াতে মেশিন কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ কার্টুন তৈরি করার জন্য ১০ সেট ও সোলার পাওয়ার প্লান্টের জন্য ৩ সেট মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। উৎপাদন সক্ষমতা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির জন্য সিঙ্গেল কার্টুন তৈরি করার লক্ষ্যে ১৮ কোটি ৬৭ লাখ টাকা দিয়ে ১০ সেট কার্টুন উৎপাদনের মেশিনারিজ কেনা হবে। এছাড়া, রুফটপ সোলার পাওয়ার প্লান্টের জন্য ৪ কোটি ১৫ লাখ টাকা দিয়ে নতুন ৩ সেট ফটোভলটিক ডিসি জেনারেল মেশিনারিজ কেনা হবে।

এর আগে শনিবার (১৪ মার্চ) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় বিষয়টি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি কর্তৃপক্ষ মনে করে, উল্লিখিত মেশিনারিজ সংযোজনের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়বে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি সংযোজন এবং মানোন্নয়নের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রসঙ্গত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। সে হিসেবে মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকের হাতে ৩৪.৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১.৯৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩০.২৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১২.৯০ শতাংশ শেয়ার রয়েছে।