টেকসই জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণ কমাতে নিজস্ব কারখানায় রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। এ প্রকল্পের মাধ্যমে আগামী ২০ বছর নিজস্ব সহযোগী প্রতিষ্ঠান প্যারামাউন্ট সোলার লিমিটেডের কাছ থেকে বিদ্যুৎ কিনবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে ৯.৮১ মেগাওয়াট ক্ষমতার একটি রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। ‘অপেক্স’ মডেলে বাস্তবায়িত এই প্রকল্পের নকশা, নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনা করবে প্যারামাউন্ট সোলার লিমিটেড।
চুক্তি অনুযায়ী, প্রকল্প থেকে উৎপাদিত প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুৎ ৮ টাকা ২০ পয়সা হারে (ভ্যাট ও এআইটি ছাড়া) ক্রয় করবে প্যারামাউন্ট টেক্সটাইল। প্রকল্প চালুর পর থেকে ২০ বছর পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদে ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্যারামাউন্ট সোলার লিমিটেডের পরিশোধিত মূলধনের ৯৯.৯৯ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল। এই বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষরের সিদ্ধান্তও পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।