অর্থনীতি

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা

জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম লিটারপ্রতি ৮৯ দশমিক ৫৯ টাকা বাড়ানো হয়েছে।

অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার দশমিক ৭৩৮৪ সেন্ট থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্যহার ঘোষণা করা হয়, যা একই দিন রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। অন্যদিকে ১৮ মার্চ রাতে বিইআরসির পক্ষ থেকে দাম বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে তা এক ঘণ্টার মধ্যে আবার স্থগিত করা হয়।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। এর আগ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে এই প্রথম এক মাসে দুই দফায় দাম বাড়াল বিইআরসি।