অর্থনীতি

শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে না একমি পেস্টিসাইডস

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না; কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন সম্পাত অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এমন তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, একমি পেস্টিসাইডসে ২০২৪-২৫ অর্থবছর শেষেও ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) ২০২২-২৩ অর্থবছরের ১ কোটি ৭ লাখ টাকা রয়েছে। কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরণের বিধান রয়েছে। সে হিসাবে ২০২২-২৩ অর্থবছরের ওই ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে বিতরণের বাধ্যবাধকতা ছিল। কিন্তু ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরণ না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন একমি পেস্টিসাইডস কর্তৃপক্ষ।

২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া একমি পেস্টিসাইডসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩৫ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৮.২০ শতাংশ।