সিটি ব্যাংক পিএলসির ১ হাজার ২০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন কনভার্টেবল, ফুললি পেইড, ফুললি রেডিমেবল, কুপন বিয়ারিং সবঅডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটির অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় সিটি ব্যাংকের বন্ড অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০৭তম কমিশন সভা মঙ্গলবার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সিটি ব্যাংক পিএলসির ১ হাজার ২০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি আনসিকিউরড, নন কনভার্টেবল, ফুললি পেইড, ফুললি রেডিমেবল, কুপন বিয়ারিং সবঅডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেট যোগ ৩ শতাংশ কুপন মার্জিন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যক্তিগত বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ডের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সিটি ব্যাংক পিএলসি কর্তৃক কর্পোরেট, রিটেইল এবং এবং এসএমই লেন্ডিং খাতে ব্যয় করা হবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসাবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।