অর্থনীতি

গেণ্ডারিয়া কিশলয় চারুকলা কেন্দ্রের বার্ষিক প্রদর্শনী

রাজধানীর ‘গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা’ পরিচালিত কিশলয় চারুকলা কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে ২২তম বার্ষিক চারুকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। বর্ণিল এ উৎসব চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী আবদুর রাজ্জাক প্রধান। উদ্বোধনী পর্বে কিশলয় ললিতকলা কেন্দ্রের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি কিশলয় চারুকলা কেন্দ্রের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

কিশলয় চারুকলা কেন্দ্রের ৩ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা প্রদর্শনীতে অংশগ্রহণের আগে বরেণ্য চিত্রশিল্পীদের তত্ত্বাবধানে বিশেষ কর্মশালায় অংশ নেয়। সেখানে নিবিড়ভাবে ছবি আঁকার অনুশীলনের পর প্রতিটি শিক্ষার্থীর আঁকা ‘সেরা চিত্রকর্ম’ প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়। 

প্রদর্শনী চলাকালীন প্রতিদিন বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সকাল ৮টায় নববর্ষের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু, কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল এবং কিশলয় ললিতকলা কেন্দ্রের প্রধান শিক্ষক গোলাম জিলানী।

১৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় হবে সঙ্গীতানুষ্ঠান। ১৭ এপ্রিল উৎসবের শেষ দিনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য চিত্রশিল্পী ও সেন্টার ফর ডেভেলপিং ম্যানেজমেন্ট এক্সিলেন্সের চেয়ারম্যান এস এ এম শওকত হোসেন, বরেণ্য চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ এবং বরেণ্য চিত্রশিল্পী টি এ কামাল কবির।

১০ থেকে ১৭ এপ্রিল প্রতিদিন সাধারণ কার্যদিবসে (রবি-বৃহস্পতি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং ছুটির দিনে (শুক্র ও শনিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

এবারের প্রদর্শনীর সাজসজ্জার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘গণচিত্র’, যেখানে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করছেন মেলার সকল স্তরের সদস্যগণ।