দেশের শেয়ারবাজারকে শক্তিশালী, টেকসই ও বিনিয়োগবান্ধব করতে সরকারের তৎপরতা আরো জোরদার হয়েছে।
এ লক্ষ্যে রবিবার (১২ এপ্রিল) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।
দীর্ঘ বৈঠকে তিনি বাজারের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিদর্শন দেশের পুঁজিবাজারের প্রতি সরকারের উচ্চপর্যায়ের অগ্রাধিকারকেই স্পষ্টভাবে তুলে ধরেছে।
গত ২ এপ্রিল বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তানভীর গনির প্রথম বিএসইসি পরিদর্শন।
রবিবার সকাল ১১টার দিকে তিনি কমিশনের কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্য কমিশনাররা।
পরিদর্শনকালে অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএসইসির পক্ষ থেকে চলমান সংস্কার কার্যক্রম, বাজারের সামগ্রিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সূত্র জানায়, প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে স্বচ্ছতা নিশ্চিত করা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, কারসাজি প্রতিরোধ এবং বাজারের গভীরতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে তানভীর গনি একটি আধুনিক, স্বচ্ছ ও টেকসই শেয়ারবাজার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে খোঁজ-খবর নেন এবং এগুলো আরো জোরদার করার আহ্বান জানান।
দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাজারকে আরো কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর এ ধরনের সরাসরি সম্পৃক্ততা পুঁজিবাজারের সংস্কার কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “বিষয়টা খুবই ইতিবাচক। পুঁজিবাজারের ওপর সরকারের যে গুরুত্ব রয়েছে, এটা তার প্রমাণ। বাজারের উন্নয়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে ডিবিএ।”