পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। স্টক এক্সচেঞ্জকে এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ৮ এপ্রিল কোম্পানিটিকে চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।
একমি পেস্টিসাইডস লিমিটেডের গত ১ মার্চ শেয়ার দর ছিল ১৬ টাকা। আর ১২ এপ্রিল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৬ টাকায়। দেড় মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ১০.৬০ টাকা বা ৬৬ শতাংশ।
এভাবে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।