পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। স্টক এক্সচেঞ্জকে এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৯ এপ্রিল ওই কোম্পানিকে চিঠি পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
গত ২৪ মার্চ লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের দাম ছিল ৫৯.৩০ টাকা। ১৯ এপ্রিল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৭.১০ টাকা। এক মাসের ব্যবধানে শেয়ার দর ১৭.৮০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে। এভাবে শেয়ারের দাম বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।