অর্থনীতি

মনোস্পুল পেপারের দুই উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের দুইজন উদ্যোক্তা পরিচালক তাদের মালিকানাধীন শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক মো. মোস্তফা কামাল মহিউদ্দিন তার মালিকানাধীন মোট ৩ লাখ ৮ হাজার ৬৪০টি শেয়ার তার স্ত্রী দিলারা মোস্তফার কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। দিলারা মোস্তফা বর্তমানে কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন।

এদিকে কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক আনোয়ার হোসেন তার মালিকানাধীন মোট ২ লাখ ৭৭ হাজার ২০০টি শেয়ার তার স্ত্রী শারমিন সুলতানার কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। শারমিন সুলতানা বর্তমানে কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন।

দুই উদ্যোক্তা পরিচালকের ঘোষণা অনুযায়ী, উল্লিখিত শেয়ারগুলো উপহার হিসেবে প্রদান করা হবে এবং এটি স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পারিবারিক বা ব্যক্তিগত কারণে এ ধরনের শেয়ার হস্তান্তর সাধারণত হয়ে থাকে এবং এতে কোম্পানির মোট শেয়ারের পরিমাণ বা বাজারে সরবরাহের ওপর সরাসরি কোনো প্রভাব পড়ে না। তবে স্পন্সর বা ডিরেক্টরদের শেয়ার সংক্রান্ত যেকোনো পরিবর্তন বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হয়।