ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এ সপ্তাহব্যাপী ভর্তিমেলা শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম এর উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “সবার জন্য সমানভাবে শিক্ষার সুযোগ নিশ্চিত করাই ইউডার অন্যতম লক্ষ্য। স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের মেধা ও সামর্থ্য অনুযায়ী সুযোগ সৃষ্টি করাই এই ভর্তিমেলার মূল উদ্দেশ্য।”
মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিভাগের তথ্য, সরাসরি কাউন্সেলিং এবং টিউশন ফিতে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের জন্য শতভাগ টিউশন ফি মওকুফ, জিপিএ-৫ প্রাপ্তদের জন্য ৫০ শতাংশ ছাড় এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে। পাশাপাশি সব ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য ভর্তি ফিতেও ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়, সম্ভাব্য ক্যারিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন। সপ্তাহব্যাপী এই ভর্তিমেলা চলবে আগামী ৪ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অ্যাডিশনাল রেজিস্ট্রার, ট্রাস্টি বোর্ডের সচিব, বিভিন্ন অনুষদের ডিন, ডেপুটি রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি