দেশের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানে কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো বছরে সব শর্ত পূরণ না হলেও, যদি ব্যাংকের বিশেষ কোনো অর্জন থাকে, তাহলে পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমান বোনাস দিতে পারবে। এই নির্দেশনা আজ থেকেই কার্যকর বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে শর্ত শিথিল করে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। তবে ব্যাংকগুলোকে এজন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে আলোচিত বছরে ব্যাংককে অবশ্যই পরিচালন মুনাফা করতে হবে। আগের বছরের তুলনায় ব্যাংকের মূলধন কমে যাওয়া যাবে না। এছাড়া নতুন করে কোনো সঞ্চিতি বিলম্ব করার সুবিধার জন্য আবেদন করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক বলছে, এই সিদ্ধান্তে কর্মীদের কাজের উৎসাহ বাড়বে, আবার ব্যাংকের আর্থিক অবস্থাও নিয়ন্ত্রণে থাকবে। আগের নির্দেশনার বাকি শর্তগুলো আগের মতোই বহাল থাকবে। নতুন নির্দেশনা আজ থেকেই কার্যকর হয়েছে।