দেশের শেয়ারবাজারে গেলো সপ্তাহের অধিকাংশ সময় দরপতনের মধ্য দিয়ে পার হয়েছে। এ সময় বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
শনিবার (৯ মে) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা। এর আগের সপ্তাহে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেল সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ১৩ হাজার ৩৭৩ কোটি ৮৩ লাখ টাকা। আগের সপ্তাহে বাজার মূলধন ছিল ৯ লাখ ৯ হাজার ৭০২ কোটি ২৯ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৭১ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা।
ডিএসইতে গেল সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৮৩০ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৪৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। আলোচ্য সময়ে গড়ে লেনদেন কমেছে ১১৩ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা ।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির শেয়ার ও ইউনিট দর।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৪ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১০৭ কোটি ৬২ লাখ ১৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১৪৩ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকা।
সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০২ পয়েন্টে, সিএসসিএক্স ৪৫ পয়েন্ট কমে ৯ হাজার ৪৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৯৬ পয়েন্ট কমে ১২ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে গত সপ্তাহে মোট ৩০৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১২৩ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত ছিল ৩০ টির শেয়ার ও ইউনিট দর।