প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বলেছেন, কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস ট্রেডিংয়ের জন্য হাই ফিন্যান্সিয়াল লিটারেসি দরকার৷ তবে আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, নিউ অ্যাসেট ক্লাস চালুর জন্য চিটাগং স্টক এক্সচেঞ্জ-সিএসই প্রস্তুত। এ ক্ষেত্রে সিএসইর বিকল্প নেই। তিনি কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত চালুর আশ্বাস দেন।
বুধবার (১৩ মে) চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয় সফরকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। বৃহস্পতিবার (১৪ মে) সিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি সিএসই কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন। তিনি পুঁজিবাজারে সিএসইর অবদান, বর্তমান বাজার পরিস্থিতি এবং সেই পরিপ্রেক্ষিতে বাজার উন্নয়নে সিএসইর চলমান উদ্যোগ ও কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তানভীর গনি কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য সিএসই'র প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ক্ষেত্রে সিএসই'র অগ্রগতির প্রসংসা করে
তিনি বলেন, ‘‘আমাদের আমদানি নির্ভর অর্থনীতিতে আমদানিকারকদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য হেজিং দরকার হয়। এ ক্ষেত্রে কমোডিটি এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’ তিনি অর্থমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘‘পুঁজিবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ডিরেগুলেশন করতে হবে। কথায় কথায় নিয়ন্ত্রক সংস্থার কাছে যেতে হবে না। ডিরেগুলেশনের জন্য এ সরকার কাজ করছে।’’
তিনি মিউচুয়াল ফান্ড সক্রিয়করণের উপরও জোর দিয়ে বলেন, ‘‘ইকুইটি মার্কেটের বিনিয়োগকারীদের মধ্যে ফিন্যান্সিয়াল লিটারেসির ব্যাপক ঘাটতি রয়েছে।’’ তিনি কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট সম্পর্কে সিএসই'র বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ট্রেনিং, ওয়ার্কশপ ইত্যাদির প্রশংসা করেন।
তানভীর গনি বলেন, ‘‘কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস ট্রেডিংয়ের জন্য হাই ফিন্যান্সিয়াল লিটারেসি দরকার৷ তবে আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নিউ অ্যাসেট ক্লাস চালুর জন্য সিএসই প্রস্তুত।’’ এ ক্ষেত্রে সিএসইর বিকল্প নেই। তিনি কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত চালুর আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সিএসই'র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এক্সচেঞ্জের সার্বিক পরিচিতি তুলে ধরেন। কমোডিটি এক্সচেঞ্জের জন্য কারিগরি প্রস্তুতির বিষয়টি উপস্থাপন করেন সিএসই’র মহাব্যবস্থাপক ও আইটি বিভাগের প্রধান মেজবাহ উদ্দিন। সিএসই'র সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল হুদা কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জের বিষয়টি বিশদরূপে উপস্থাপন করেন। এ সময় সিএসই'র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালক মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, নাজনীন সুলতানা ও শাহজাদা মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় সিএসই'র চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘‘আমরা কমোডিটি এক্সচেঞ্জের ব্রোকার এবং কমোডিটির অনুমোদন লাভের অপেক্ষায় রয়েছি। আমাদের আশা, আপনার সময়োপযোগী নেতৃত্ব সিএসই'র প্রত্যাশা পূরণে গতিশীল ভূমিকা রাখবে।’’
সিএসই'র পরিচালক এমদাদুল ইসলাম বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সম্মানিত বিশেষ সহকারী, আপনার বক্তব্য আমাদের মনে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য সত্যিকার আশা সঞ্চার করেছে। আমাদের বিশ্বাস ও প্রত্যাশা, জাতির জন্য মাইলস্টোন এই কমোডিটি এক্সচেঞ্জ আপনার হাত ধরে চালু হবে।’’