আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এনভায়রনমেন্ট, হেল্থ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগের উদ্যোগে ওয়ালটন হেডকোয়ার্টার্সের আয়োজনে বিশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে কমিউনিটি অ্যাওয়ার্নেস প্রোগ্রাম।
এবারের বৈশ্বিক স্লোগান "প্রকৃতি থেকে প্রেরণা-জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “আজকের উপস্থিত কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলতে বৃক্ষরোপণের বিকল্প নাই। ২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের মূল আহ্বানই হচ্ছে প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে জলবায়ু সংকট মোকাবিলা করা। আমাদের শিল্পায়ন ও নগরায়ণের পাশাপাশি সবুজায়নকে সমান গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিষয়ের ওপর আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
তিনটি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কুইজে বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পরিবেশ সচেতনতামূলক উপহার হিসেবে একটি করে বনজ ও ফলদ গাছের চারা উপহার দেওয়া হয়।