অর্থনীতি

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির টাকা লেনদেনে ছাড়

এখন থেকে শেয়ার বিক্রির টাকা সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের নন রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (নিটা) হিসাবে জমা করা যাবে। টাকা জমা করতে লাগবে না অডিটরস সার্টিফিকেট। বিদেশি বিনিয়োগকারীদের (নন-রেসিডেন্ট) বিনিয়োগ আকর্ষণ ও লেনদেন আরো সহজ করতে এই ছাড় দেওয়া হয়েছে।   এতদিন এই টাকা জমা করতে অডিটরস সার্টিফিকেট লাগত।

বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

এতদিন নিয়ম ছিল, কোনো প্রবাসী বা বিদেশি বিনিয়োগকারী শেয়ার বিক্রি করলে, সেই শেয়ার বিক্রির টাকা তাঁর নিটা অ্যাকাউন্টে জমা করার আগে মূলধনি মুনাফার ওপর কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) হিসাব করতে হতো। আর এই করের পরিমাণ নির্ধারণের জন্য বিনিয়োগকারীদের অডিটরদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হতো।  বাংলাদেশ ব্যাংক নতুন সার্কুলারে জানায়, এই অডিটরের সার্টিফিকেট সংগ্রহ করতে গিয়ে প্রবাসীদের অনেক সময় নষ্ট হতো এবং লভ্যাংশ বা বিনিয়োগের টাকা বিদেশে ফেরত নিয়ে যাওয়ার (রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়াটি অনেক দীর্ঘ হয়ে যেত।

নতুন নির্দেশনায় এই জটিলতা দূর করা হয়েছে। এখন থেকে শেয়ার বিক্রির টাকা সরাসরি নিটা অ্যাকাউন্টে চলে যাবে। তবে ব্যাংকগুলো যখন এই টাকা বিদেশে পাঠাবে, তার আগে তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় কর কেটে রেখে সরকারি কোষাগারে জমা দেবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন এই সিদ্ধান্তের বিনিয়োগকারীদের একাউন্টে টাকা জমার জটিলতা ও সময় অপচয় কমবে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা অনেক দ্রুত ও সহজে তাদের বিনিয়োগের টাকা সচল রাখতে পারবেন।