অর্থনীতি

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদুল আযহা উপলক্ষে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে টানা ৭ দিন। এ সময় ব্যাংকগুলোর অটোমেটেড টেলার মেশিন-এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে এটিএম বুথে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শুধু এটিএম বুথেই নয়, ঈদের ছুটির সময় পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বৃহস্প‌তিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোকে সার্বক্ষনিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে; এটিএম বুথে কোনো ধরণের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে; পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে; বুথে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পয়েন্ট অব সেল (পিওএস) এর ক্ষেত্রে সার্বক্ষনিক পিওএস সেবা নিশ্চিত করা এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে।

ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিক্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেটিকেশন (টু এফএ) ব্যবস্থা চালু রাখতে হবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সকল ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারী কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন এবং এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে।

এছাড়া ঈদের ছুটি চলাকালীন সময়ে যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানা‌তে হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে সকল ধরণের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক কর‌তে প্রচার প্রচারণা চালাতে বলা হ‌য়ে‌ছে। গ্রাহককে সার্বক্ষনিক হেল্প লাইন সহায়তা দিতে হবে এবং ইতোপূর্বে জারিকৃত এ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।