বাংলাদশ ব্যাংক দেশের দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এই ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের সরবরাহ বাড়ায় বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৪ জুন) দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল ১২২ টাকা ৭৫ পয়সা (প্রতি ডলার)।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক মোট ৬৪১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার (৬.৪১ বিলিয়ন ডলার) কিনেছে। শুধু মাত্র জুন মাসের এ পর্যন্ত ১০১ মিলিয়ন ডলার বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের দাম কমে গেলে রপ্তানিকারক ও রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা নিরুৎসাহিত হয়ে পড়তে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ মূলত বাজারে ডলারের দাম একটি নির্দিষ্ট সীমার নিচে নামতে না দেওয়ার ইঙ্গিত।
বাংলাদেশ ব্যাংক বাজার পরিস্থিতি অনুযায়ী ডলার কেনা-বেচা করছে। আগে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে বড় অঙ্কের ডলার বিক্রি করলেও চলতি অর্থবছরের শুরু থেকে ধীরে ধীরে ক্রয়ের মাধ্যমে রিজার্ভের ওপর চাপ কমানোর চেষ্টা করছে।এই ডলার ক্রয়ের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।