উদ্যোক্তাদের জন্য ব্যাংক মূল পুঁজির উৎস। শুধু ব্যাংকের ওপর চাপ সৃষ্টি করে নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব নয়। পুঁজির উৎস হিসেবে ব্যাংক খাতের পাশাপাশি শেয়ার বাজারের মতো ক্ষেত্রকেও শক্তিশালী করতে হবে।
রবিবার (৭ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো. মাশহিদুল ইসলাম জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘‘অধিকাংশ উদ্যোক্তা দায়িত্বশীল হলেও একটি অংশ নানা অনিয়ম ও অপব্যবহারের সঙ্গে জড়িত। তাই দুর্নীতি দমন কমিশন বা প্রশাসন সংস্কারের মতো ব্যাংকিং খাতের সংস্কার অত্যন্ত জরুরি।’’
তিনি বলেন, ‘‘ব্যাংকের পাশাপাশি শেয়ার বাজারকেও শক্তিশালী পুঁজির উৎস হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে শুধু ব্যাংকনির্ভর অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং অর্থনীতির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না। একইসঙ্গে আমানতকারী ও শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা জরুরি।’’
‘‘ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় অর্থনৈতিক সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাংকিং সুশাসনের একমাত্র পাহারাদার অর্থনৈতিক সাংবাদিকরাই। মানুষ ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি ও বাস্তব চিত্র সম্পর্কে যতটুকু জেনেছে, তার বড় অংশই আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে জেনেছে।’’
তথ্যপ্রাপ্তির অধিকারের বিষয়ে তিনি বলেন, ‘‘সাংবাদিকদের কোনো নির্দিষ্ট ফ্লোরে প্রবেশাধিকার দেওয়া হবে কি না, সেটি বড় বিষয় নয়। তথ্য যেখানে থাকবে, সাংবাদিকদের সেখানে যাওয়ার সুযোগ থাকতে হবে।’’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতি জনসমক্ষে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, সুশাসনের ঘাটতির কারণেই দেশের ব্যাংক খাত ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। সুশাসনের মূল ভিত্তি হলো জবাবদিহি, দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও ন্যায্যতা। এই চারটি স্তম্ভ শক্তিশালী হলে ব্যাংক খাতে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।