সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক চিঠিতে এই নিয়োগের বিষয়টি জানায়।
বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজি শায়রুল হাসানকে করা হয়েছে নতুন চেয়ারম্যান।
আর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সামলে আসা আবেদুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, কাজি শায়রুলকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
তিনি জানান, বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সেদিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ অনুমোদন করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদের যোগ দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি লাগবে।
আর্থিক সংকটে দুর্দশায় পড়া শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে বিগত অন্তবর্তী সরকারের সময় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
২০২৫ সালের ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়াকে।
তবে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজনের নিয়োগ চূড়ান্ত করার পর তিনি যোগ দিতে অস্বীকৃতি জানান।