২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয় সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী ৫ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয় সীমা ক্রমান্বয়ে বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন কলে এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট উপস্থাপন করছেন তিনি।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী করমুক্ত আয়ে সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেছে। বর্তমানে বছরে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হয় না। পরবর্তী ২৮-২৯ অর্থবছরে ৪ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর শূণ্য ঘোষনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এদিকে, নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য করমুক্ত আয়ের সীমা হবে ৪ লাখ ২৫ হাজার টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না। জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধাদের জন্য আয় কর সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
নাজমুল/মাসুদ