অর্থনীতি

দ্বিতীয় যমুনা সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হ‌বে

আগামীতে সেতু ও এক্সপ্রেসওয়ে খাতে আরও বিনিয়োগ বৃদ্ধির ঘোষণা দি‌য়ে‌ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তি‌নি ব‌লে‌ছেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন এবং পিপিপি ভিত্তিক প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার (১১ জুন) জাতীয় সংস‌দে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন। 

তি‌নি ব‌লেন, দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে সেতু বিভাগ কর্তৃক সমন্বিত উন্নয়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে বৃহৎ সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে, যার ফলে যাতায়াত সময় ও ব্যয় হ্রাস পাবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কার্যাবলি সম্প্রসারিত হবে। 

পাশাপাশি ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু ও সম্প্রসারণ, স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা প্রবর্তন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অবকাঠামো ব্যবস্থাপনায় আধুনিকতা ও দক্ষতা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।