অর্থনীতি

সাড়ে পাঁচ লাখ পেশাজীবী চালককে প্রশিক্ষণের উদ্যোগ

প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব নিরাপদ সড়ক নেটওয়ার্ক গ‌ড়ে তোলা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি প্রায় সাড়ে পাঁচ লাখ পেশাজীবী চালকের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।  

তি‌নি ব‌লেন, এক‌টি নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার কাজ করছে। চলতি অর্থবছরে ১০৬টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর চার লেনে উন্নীতকরণ, পণ্য পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং এক্সেল লোড নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

দুর্ঘটনা প্রতিরোধে ‘সেফটি সিস্টেম অ্যাপ্রোচ’ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে জা‌নি‌য়ে আমির খসরু মাহমুদ চৌধুরী ব‌লেন,  আগামী ২০২৬-২৭ অর্থবছর ও মধ্যমেয়াদে সড়ক ও গণপরিবহন খাতে একটি সমন্বিত, আধুনিক ও টেকসই ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

তি‌নি জানান, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ আইন প্রণয়ন, মেট্রোরেলভিত্তিক ফিডার সার্ভিস চালু এবং ট্রানজিটভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া কারিগরি ম্যানুয়াল প্রণয়ন, ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি, স্বয়ংক্রিয় ফিটনেস সার্টিফিকেট ব্যবস্থা চালু এবং প্রায় সাড়ে পাঁচ লাখ পেশাজীবী চালকের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার এবং মেরামতের আওতায় আনা হচ্ছে। দেশব্যাপী প্রায় ৩ হাজার কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য করিডোরসমূহ চিহ্নিতকরণ ও সমীক্ষা চলমান রয়েছে। একইসঙ্গে সড়ক, রেল, নৌ ও বিমান পরিবহন সমন্বয়ে মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, এক্সেল লোড নিয়ন্ত্রণে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং নতুন নিয়ন্ত্রণ স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে ব‌লেও জানান মন্ত্রী। 

সড়ক নিরাপত্তা জোরদার, রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন, পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল টোল ব্যবস্থার সম্প্রসারণ কার্যক্রম চলমান রয়েছে জা‌নি‌য়ে অর্থমন্ত্রী ব‌লেন,  বাস রুট যৌক্তিকীকরণ, ইলেকট্রিক বাস চালু এবং দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করে গড়ে তুলতে সহায়ক হবে।

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। সমন্বিত টিকিটিং ব্যবস্থা, র‍্যাপিড পাস ও অনলাইন সেবা সম্প্রসারণের মাধ্যমে গণপরিবহণে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান তিনি।