অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা পেলো ইসলামী ব্যাংক

তারল্য সংকটে পড়া ইসলামী ব্যাংককে আাড়াই হাজার কোটি টাকা আমানত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহারের মুখে সৃষ্ট এই পরিস্থিতি সামাল দিতে ব্যাংকটিকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হলো।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, সহায়তার এ অর্থের মধ্যে দুই হাজার কোটি টাকা নগদ অর্থ হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা সচল রাখতে আরো ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। আরটিজিএস মূলত আন্তঃব্যাংক লেনদেনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

এর আগে চলমান সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। 

এর আগে, ইসলামী ব্যাংকের শীর্ষ নেতৃত্বে আকস্মিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। এর প্রভাবে এক সপ্তাহে গ্রাহকরা প্রায় ৫ হাজার কোটি টাকা তুলে নেয়।

আমানত প্রত্যাহারের চাপ অস্বাভাবিক ভাবে বাড়তে থাকায় ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনায় অল্পসময়েই বড় ধরনের সংকট তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকটির ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) উদ্বৃত্ত থাকার কথা থাকলেও তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত ব্যাংকটির চলতি হিসাবের ব্যালেন্সও চাপে পড়ে।

খুরশীদ আলমের নিয়োগের আগে ইসলামী ব্যাংকের সিআরআর প্রায় ৭ হাজার কোটি টাকার বেশি ছিল। তবে টানা আমানত উত্তোলনের ফলে তা কমে বর্তমানে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।