অর্থনীতি

ওয়ালটন কর্পোরেট অফিসে বিশেষ অগ্নি মহড়া 

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র করপোরেট অফিসে বিশেষ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (১৪ জুন, ২০২৬) সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসের এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশন এবং প্রশাসন বিভাগ এই বিশেষ অগ্নি মহড়ার আয়োজন করে। এতে ওয়ালটন কর্পোরেট অফিসের কর্মরত সকল স্তরের সদস্যগণ অংশ নেন। 

মহড়ায় ওয়ালটন ইএইচএস বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু অগ্নিদুর্ঘটনায় নিরাপদ বহির্গমন, অগ্নিনির্বাপণ ও আহত ব্যক্তিদের উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ মহড়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।  

ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের ইনচার্জ শেখ মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় মহড়ায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ভাটারা শাখার সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম। 

অগ্নি মহড়ায়, জরুরি পরিস্থিতিতে নিরাপদ বহির্গমন পদ্ধতি, বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ, অগ্নিকাণ্ড বড় আকার ধারণ করলে ফায়ার সেফটি টিম ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিমের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ, আহত ব্যক্তিদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।