শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩ মে যথাসময়েই দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত বহাল রয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ‘করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২০২২ অর্থবছরে করোনায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিৎ’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সচিব বলেন, ‘করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইমেন্ট দেওয়া হয়। তবে চলমান লকডাউনের কারণে বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে।’
করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরে জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ‘বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে বাজেটের আকার বড় করলেও সমস্যা সমাধান হয় না, এটি ব্যবহারে পরিকল্পনা, সক্ষমতা ও অভিজ্ঞতা প্রয়োজন হয়।’