শিক্ষা

রাজধানীর যে ৮ কেন্দ্রে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা

আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম দফায় রাজধানীর ৮টি কেন্দ্রে এবং পরবর্তী সময়ে রাজধানীর বাইরের ২১টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হবে।

ইতোমধ্যে শিক্ষার্থীদের তথ্য নেওয়ার সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক বেলাল হোসাইন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ১ নভেম্বর রাজধানীর ১২টি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়ির কর্মকর্তা মাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, ঠিকমতো প্রস্তুত না থাকায় ১ নভেম্বর ৮টি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

রাজধানীর যে ৮ কেন্দ্রে সোমবার (১ নভেম্বর) টিকা দেওয়া হবে- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল (কুর্মিটোলা জেনারেল হাসপাতাল), আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল (পুলিশ হাসপাতাল), মিরপুর কমার্স কলেজ (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন), কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ (সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ), সাউথ ব্রিজ স্কুল (উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল), স্কলাসটিকা স্কুল (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন)।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বর্তমানে ৭০ লাখ ফাইজারে টিকা রয়েছে, যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।  এছাড়া নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।