শিক্ষা

স্কুলে ভর্তির সময় নির্ধারণে শিগগির বৈঠক

চলতি নভেম্বর মাস থেকেই স্কুলে ভর্তির কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দু-এক দিনের মধ্যে সভা করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মাউশি থেকে জানা গেছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে সভা করে ২০২২ সালের স্কুলে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নতুন বছরে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির সব প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। করোনার কারণে এবার ভর্তি ফরমের দাম কমানো হয়েছে। পাঁচটি স্কুলে (সরকারি-বেসরকারি) আবেদনের জন্য ১১০ টাকা ফি নেওয়া হবে।

এ বিষয়ে মাউশির উপ-পরিচালক ও স্কুল ভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন বলেছেন, ‘ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল (সোমবার) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত রেজুলেশন (প্রবিধান) পাঠানো হবে। সেটি পেলে আমরা সভা করে স্কুলে ভর্তির দিন-সময় নির্ধারণ করব। সভায় রাজধানীর সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সংশ্লিদের নিয়ে সভা করে আবেদন ফরম বিক্রি, জমা ও ক্লাস অনুযায়ী কবে কোন দিন লটারি করা হবে, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেবো। চলতি সপ্তাহে এ সভা হবে। সেখানে স্কুলে ভর্তির সব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

মাউশি থেকে জানা গেছে, ২০২২ সালের স্কুল ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক হয়েছে বুধবার (৩ নভেম্বর)। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে এ বৈঠক হয়। সেখানে আগামী বছরের স্কুল ভর্তি (প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) লটারির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে আবেদন ফরম ক্রয় ও জমা দিতে হবে। ফল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। টেলিটকের মাধ্যমে লটারি কার্যক্রম পরিচালনা করা হবে।’