সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাসের হার এবং জিপিএ-৫ এই দুই সূচকেই ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবছর পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন। পাস করাদের মধ্যে ৫১ হাজার ৩৮৬ জন ছেলে ও ৬৪ হাজার ৩১৪ জন মেয়ে। এদিকে জিপিএ ৫ পাওয়া ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৮ জন ছেলে। ২ হাজার ৮০৬ জন মেয়ে।
এ বছর পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ১৭ দশমিক ৯৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৭৯ শতাংশ।